একরাতে শিয়ালের কামড়ে শিশুসহ আহত ১৪

গাজীপুরের শ্রীপুরে এক রাতেই শিয়ালের কামড়ে শিশু,নারীসহ অন্তত ১৪ জন আহত হয়েছে। আহতরা  শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। পৌরসভার উত্তর ভাংনাহাটি এলাকায় ও পটকা এলাকায় শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে  শিয়ালের আক্রমণের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন মো. আকাশ মিয়া (১৩), নাঈম ইসলাম (১১), মাজেদা আক্তার (৪৫), রোজিনা বেগম (৩৬), হেলেনা আক্তার (৪০), আশরাফুল ইসলাম (২৬), শেফালী আক্তার (৩৪), সাইফুন্নাহার (২৩), আরাফাত ইসলাম (১৪) ও  মো. মাসুম ইসলাম। এদের মধ্যে মাসুম ইসলামকে গাজীপুর শহীদ তাজ উদ্দীন মেডেকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাংনাহাটি গ্রামের বাসিন্দা আশরাফুল আলম সেলিম জানান, রাতে মাসুম আর আরাফাত নামে দুইজনকে শিয়াল আক্রমণ করেছে। দোকানপাড় এলাকায় শিশু আরাফাত দাঁড়িয়ে থাকা কালে শিয়াল আক্রমন করে বসে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা জানায়, গেল কয়েক বছর ধরে এলাকায় শিয়ালের আনাগোনা বেড়েছে কয়েকগুণ। সন্ধ্যার পরপর শিয়াল লোকালয়ে চলে আসে। বাড়িতে ঢুকে পড়ে হাঁস-মুরগী, কবুতর ধরে নিয়ে যায়। তবে ভয়ের বিষয় হলো অনেক সময় উঠানে থাকা মানুষকেও আক্রমন করে বসে পাগলাটে শিয়ালগুলো। এতে চরম আতঙ্কে থাকে লোকজন।

আহত মাসুমের ভাই জামিল হাসান গোলাপ জানান, রাতে বাড়ির উঠানে শিয়াল চলে আসে। পরে সেই শিয়ালকে ধাওয়া দিলে উল্টো শিয়াল আক্রমণ করে ছোট ভাই মাসুমের ওপর। তাকে কামড় বসিয়ে শিয়াল পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখান থেকে গাজীপুর সদর হাসপাতালে রেফার করেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার তোফায়েল হোসেন জানান, আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। সরকারিভাবে সাপ্লাইয়ের ভিত্তিতে আমরা সপ্তাহে তিনদিন বিনামূল্যে র‌্যাবিস ভ্যাকসিন দিয়ে থাকি। মাঝে মাঝে জরুরি ভিত্তিতে আক্রান্তদের জন্য বাহির থেকে ভ্যাকসিন সংগ্রহ করা হয়।

শ্রীপুর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাক্তার আশরাফ হোসেন জানান, শিয়াল জলাতঙ্ক ভাইরাসে আক্রান্ত হলে কামড়ায়। সুস্থ শিয়াল সাধারনত কামড়ায় না। শিয়াল কুকুরের কামড়ে অবশ্যয় র‌্যাবিস ভ্যাকসিন বাধ্যতামূলক নিতে হবে। সম্প্রতি শিয়ালের আনাগোনা অনেক বেড়েছে। খাদ্য সংকট আর আবাস সংকটের কারণে হতে পারে। রাতে সতর্কভাবে চলাচল করতে হবে।