গত অর্থবছরে রাজস্ব আদায় হয়েছে ৪ লাখ ১০ হাজার কোটি টাকা 

২০২৫-২৬ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রেকর্ড ৪ লাখ ১০ হাজার ৩৯০ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। পুরো বছরের মোট লক্ষ্যমাত্রা ছিল ৫ লাখ ৩ হাজার কোটি টাকা এবং লক্ষ্যমাত্রার বিপরীতে এই অর্জনের হার ছিল প্রায় ৮১.৬ শতাংশ।

রবিবার (১২ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা প্রথম বাজেট অধিবেশনের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য তুলে ধরেন।

অর্থমন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থবছরে অভ্যন্তরীণ খাত থেকে জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৫ লাখ ৩ হাজার কোটি টাকা। এর বিপরীতে সাময়িক হিসাবে আদায় হয়েছে ৪ লাখ ১০ হাজার ৩৯০ কোটি টাকা।

কর ফাঁকি রোধে সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, কাস্টমস-সংক্রান্ত কর ফাঁকির অভিযোগে এ পর্যন্ত ১ হাজার ৭০২টি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ২৯২টি মামলার নিষ্পত্তিও হয়েছে।

রাজস্ব আহরণ বাড়াতে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এ ক্ষেত্রে দুইমুখী কৌশল অনুসরণ করা হচ্ছে। ‘ট্যাক্স এক্সপেন্ডিচার পলিসি অ্যান্ড ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক’ পূর্ণাঙ্গ বাস্তবায়নের মাধ্যমে কর অব্যাহতি বা ট্যাক্স এক্সপেন্ডিচার কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, রাজস্ব ফাঁকি রোধ ও বকেয়া আদায়ে পোস্ট ক্লিয়ারেন্স অডিট জোরদার, ঝুলে থাকা মামলা নিষ্পত্তি, বকেয়া আদায়, নিলাম কার্যক্রম গতিশীল করা, ব্যাংক গ্যারান্টি নগদায়ন, অনিষ্পন্ন চালান দ্রুত খালাস এবং ডেফার্ড পেমেন্টসহ বিভিন্ন খাত থেকে অতিরিক্ত রাজস্ব আদায়ের উদ্যোগ নেওয়া হয়েছে।