জামালপুর

মাদক ব্যবসা ঠেকাতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

জামালপুর শহরের মুসলিমাবাদ গ্রামকে মাদকমুক্ত রাখার দাবি এবং চিহ্নিত মাদক ব্যবসায়ীদের প্রবেশ ঠেকাতে মাদকবিরোধী র‌্যালি ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

রবিবার (১২ জুলাই) বিকেলে শহরের মুসলিমাবাদ গ্রামবাসীর উদ্যোগে একটি বিক্ষোভ র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে মাদক নির্মূল কমিটির সভাপতি সাইদুজ্জামান মাস্টার, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, অ্যাডভোকেট শাহেদ আলী, সেতু সরকার, রুকনুজ্জামান, সাইদুর রহমান, ব্যবসায়ী সোহেল রানা খোকনসহ গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মুসলিমাবাদ এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ীর কারণে সমাজে চরম ভোগান্তির পোহাতে হচ্ছে। প্রতিদিন চুরি, ছিনতাই, কিশোর অপরাধ, ইভটিজিংসহ সামাজিক নানা অপরাধ বেড়ে গেছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। সম্প্রতি এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও লক্ষ্য করা যাচ্ছে, মাদক কারবারিরা আবার ফিরে আসার চেষ্টা করছে। দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করে নিয়মিত পুলিশ টহল জোরদার এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।