চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নে শৌচাগারের ময়লা ও বৃষ্টির পানি নিষ্কাশনকে কেন্দ্র করে মোহাম্মদ ওবায়দুল (৩৬) নামের এক যুবক খুন হয়েছেন। তিনি ওই এলাকার ইদ্রিস মিয়ার ছেলে।
রবিবার (১২ জুলাই) বিকেলে উপজেলার নাপিত পুকুরিয়া ব্রিজঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওবায়দুলের ভাই মো. শহীদুল ইসলাম বলেন, বাড়ির শৌচাগারের ময়লা বৃষ্টির পানিতে ছেড়ে দেওয়াকে কেন্দ্র করে ওবায়দুলের সঙ্গে তার চাচা ও চাচাতো ভাইদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে কাঠের বাটামের আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শহীদুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘চাচাদের বাড়ির শৌচাগারের ময়লা ও বৃষ্টির পানি ছাড়ার প্রতিবাদ করায় সবাই মিলে আমার ভাইয়ের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) ডা. আমরিন খসরু বলেন, ওবায়দুলকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।