বিদেশে উচ্চশিক্ষার প্রলোভন দেখিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার অভিযোগে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের স্বত্বাধিকারী মো. খায়রুল বাশার বাহারের প্রায় ৩৩ কোটি টাকার স্থাবর সম্পত্তি ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রবিবার (১২ জুলাই) সিআইডির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খায়রুল বাশার ও তার সহযোগীরা মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশের নামী শিক্ষাপ্রতিষ্ঠানে স্বল্প খরচে দ্রুত পাঠানোর চটকদার বিজ্ঞাপন দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেন।
এই প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ মেলায় তার বিরুদ্ধে গুলশান থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়। পরবর্তীতে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট তাকে ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।
তদন্তে জানা গেছে, খায়রুল বাশার প্রতারণার অর্থ দিয়ে তার প্রথম স্ত্রীর নামে রাজধানীর ভাটারা এলাকায় একটি ফ্ল্যাট, দ্বিতীয় স্ত্রীর নামে শেলটেক বিথীকা প্রকল্পে একটি ফ্ল্যাট, নিজের নামে রাজাবাজার এলাকায় দুটি ফ্ল্যাট এবং আজিজ সড়কে সাততলা ও ছয়তলা বিশিষ্ট দুটি বাড়িসহ মোট ৩ হাজার ৪৮২ বিরাশি দশমিক ৫ শতাংশ জমি কেনেন।
এই সম্পত্তির দলিল মূল্য প্রায় ৩৩ কোটি টাকা। সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে সিনিয়র স্পেশাল জজ আদালত এসব স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দেন।
নিজেকে শিক্ষাবিদ ও ব্যবসায়ী হিসেবে পরিচয় দিলেও খায়রুল বাশার মূলত একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে জানায় সিআইডি।
এই ঘটনার তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে এবং দেশের বিভিন্ন প্রান্তে তার অন্য কোনো স্থাবর-অস্থাবর সম্পত্তি আছে কি না, তা খুঁজে বের করার চেষ্টা চলছে।