সংসদে অর্থমন্ত্রী

বছরে শেখ হাসিনার খাবারের খরচ ছিল ৩৫ কোটি

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, শুধু মুজিব বর্ষের ব্যয় ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা নয়। বরং সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বছরের খাওয়া-দাওয়ার খরচও ছিল ৩৫ কোটি টাকা। এমন খরচ শুধু একটি খাতেই সীমাবদ্ধ নয়। আরও অনেক খাতে একই ধরনের খরচ রয়েছে।

রবিবার (১২ জুলাই) জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলালের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে প্রতিটি জেলা ও উপজেলায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, শেখ মুজিবুর রহমানের ছবি ও বেদি নির্মাণ, বিভিন্ন সরকারি দপ্তরে ব্রোঞ্জ, তামা ও মার্বেল পাথরের মূর্তি স্থাপন এবং রাষ্ট্রীয়ভাবে সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরিতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মাধ্যমে সর্বমোট ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা ব্যয় করা হয়েছে।

সম্পূরক প্রশ্নে মাহবুবুর রহমান জানতে চান, এই ব্যয়ের বিষয়ে কোনো নিরীক্ষা বা তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে কি না। সরকারি অর্থের অপচয় বা অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেলে তাদের আইনের আওতায় আনা হবে কি না এবং ভবিষ্যতে কোনো ব্যক্তির প্রচারে এ ধরনের ব্যয় বন্ধে সরকারের পরিকল্পনা কী, তাও জানতে চান তিনি।

জবাবে অর্থমন্ত্রী বলেন, মুজিব বর্ষের ব্যয় নিয়ে নিরীক্ষা বা তদন্তের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, মুজিব বর্ষ ছাড়াও আগের সরকারের আমলে বিভিন্ন খাতে ব্যয়ের আরও অনেক বিষয় রয়েছে। সরকার পর্যায়ক্রমে সেগুলোর হিসাব যাচাই করছে এবং সেই যাচাইয়ের ভিত্তিতে ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেন, এটা শুধু মুজিব বর্ষের ব্যয় নয়। সেই সময়ের প্রধানমন্ত্রীর এক বছরের খাওয়া-দাওয়ার খরচও ছিল ৩৫ কোটি টাকা।

বর্তমান ও আগের প্রধানমন্ত্রীর ব্যয়ের তুলনা টেনে অর্থমন্ত্রী বলেন, বিষয়টি শুধু একটি খাতে সীমাবদ্ধ নয়, এ ধরনের আরও অনেক ব্যয় রয়েছে। তিনি বলেন, সবগুলোর বিষয়ে ক্রমান্বয়ে স্টক চেকিং করছি।