আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ ‘এজেএফবি স্টার অ্যাওয়ার্ড ২০২৫-২০২৬’ এ শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেলেন নাট্য জগতের হাস্যরসাত্মক অভিনেতা হিসেবে খ্যাত আ খ ম হাসান। রাজধানীর নিউ ইস্কাটন রোডে অবস্থিত বিআইএএম অডিটোরিয়ামে সম্প্রতি এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাকে এ পুরস্কার প্রদান করা হয়।
সংগঠনটির ১৯ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ‘পেটুক জামাই’ নাটকে অনবদ্য অভিনয়ের জন্য অভিনেতা আ খ ম হাসানকে এই বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। নাটকটির রচয়িতা জনপ্রিয় নাট্যকার রাজীব মণি দাস।
অভিনেতা আখম হাসান, ‘নাটককে বলা হয় সমাজের দর্পণ। অহংকার মানুষকে ধ্বংস করে, কেউ শোধরানোর সুযোগ পায়, কেউ পায় না। অতিরিক্ত কোনো কিছুই যে ভালো নয়, তার প্রতিচ্ছবি ফুটে উঠেছে নাটকটিতে। আর পুরস্কার কাজের গতিকে ত্বরান্বিত করে। এটি এমন একটি পুরস্কার, যা আমাকে কাজের প্রতি আরও উজ্জীবিত করবে। আমি সত্যিই অভিভূত ও আনন্দিত।’
উক্ত অনুষ্ঠানে আজীবন সম্মাননা পান নৃত্যশিল্পী মুনমুন আহমেদ, চলচ্চিত্র ব্যক্তিত্ব রোজিনা। অন্যান্যদের মধ্যে যারা পুরস্কার পেয়েছেন অভিনেতা আজিজুল হাকিম, নাদের চৌধুরী, গায়ক রবি চৌধুরী, চিত্রনায়ক সজল, নিরবসহ আরো অনেকে। শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে পুরষ্কার পেয়েছেন ফরিদুল ইসলাম রুবেল।