বাসা ভাড়ার টাকাকে কেন্দ্র করে ঘুষির আঘাতে একজনের মৃত্যু

রাজধানী আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারে বাসা ভাড়ার টাকাকে কেন্দ্র করে কিল-ঘুষির আঘাতে স্বপন (৬২) নামে এক ব্যক্তি মারা গেছেন। এই ঘটনায় অভিযুক্ত দুজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় স্বপনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে ভোর ৫টায় মৃত ঘোষণা করেন।

স্বপনের বড় ভাই রাজা মোহাম্মদ সেলিম জানান, স্বপনের বউ, সন্তান নেই। তারা দুই ভাই আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারের ৪ নম্বর ভবনের একটি বাসায় ভাড়া থাকেন। স্বপন কসমেটিকসের ব্যবসা করতেন। যার নামে কোয়ার্টারের বাসাটি বরাদ্দ তার ছেলে রিজভি গতকাল বাসা ভাড়া নিতে আসার কথা ছিল। তবে তাকে ভাড়া নিতে আসতে বলার জন্য ফোন দেওয়া হলেও সে ফোন ধরেনি। পরবর্তীতে কলব্যাক করে গালাগালি করে। ভোর ৪টার দিকে সে বাসা ভাড়া নিতে আসে। এরপর তর্কাতর্কির এক পর্যায়ে রিজভী ও তার সাথে আসা তার চাচাতো ভাই রোহান সেলিম ও স্বপনকে মারধর করে। স্বপনের বুকে একাধিক কিল-ঘুষি মারে। ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে সেখানেই অচেতন হয়ে পড়েন তিনি। তখন ওই দুজনই তাকে হাসপাতালে নিয়ে আসেন। এরপর চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

লালবাগ থানার উপ পরিদর্শক এসআই কিরণ মিয়া জানান, বাসা ভাড়ার টাকাকে কেন্দ্র করে অভিযুক্তরা স্বপনকে ধাক্কা দিলে তিনি উপুড় হয়ে পড়ে যান। পড়ে গিয়ে মাথায় আঘাতের কারণে রক্তক্ষরণ হয়। পরবর্তী হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। অভিযুক্ত দুজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।