সম্পর্কে ইতি টানলেন তারকা জুটি আইইউ-জং সক

ব্যস্ত শিডিউলের কারণে দীর্ঘ চার বছরের সম্পর্কের ইতি টানলেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় তারকা জুটি আইইউ ও লি জং-সুক। সম্প্রতি তাদের এজেন্সি এই বিচ্ছেদের খবর নিশ্চিত করে জানিয়েছে যে প্রেমিক-প্রেমিকা হিসেবে আলাদা হলেও সহকর্মী হিসেবে তারা ভালো সম্পর্ক বজায় রাখবেন।

এই দুই তারকার নিজস্ব এজেন্সি ইডিএএম এন্টারটেইনমেন্ট ও এস ফ্যাক্টরি কোরিয়ান সংবাদমাধ্যম ‘ডিসপ্যাচ’এর কাছে তাদের ব্রেকআপের বিষয়টি নিশ্চিত করেছে। মূলত দুজনেরই প্রচণ্ড ব্যস্ত শিডিউলের কারণে একে অপরের সঙ্গে দেখা করার সুযোগ কমে যাওয়ায় তারা এই পারস্পরিক বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।

এজেন্সির পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, এটি সত্য যে তাদের ব্রেকআপ হয়েছে। তবে তারা একে অপরের ভালো সহকর্মী হিসেবে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

আইইউ ও লি জং-সুকের প্রথম দেখা হয়েছিল ২০১২ সালে, যখন তারা এসবিএসর জনপ্রিয় মিউজিক প্রোগ্রাম ‘ইনকিগায়ো’ একসাথে উপস্থাপনা করতেন। প্রায় এক দশকের গভীর বন্ধুত্বের পর ২০২২ সালের ডিসেম্বরে তারা নিজেদের প্রেমের সম্পর্কটি প্রকাশ্যে আনেন। কোরিয়ান শোবিজ অঙ্গনে তাদের অন্যতম সেরা এবং ভালোবাসার জুটি হিসেবে বিবেচনা করা হতো।