ইন্দোনেশিয়ার মধ্য সুলাওয়েসি (সেন্ট্রাল সুলাওয়েসি) প্রদেশে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্পে হাসপাতালে এক রোগীর মৃত্যু হয়েছে। রবিবার (১২ জুন) রাতে আঘাত হানা এ ভূমিকম্পে সরকারি ভবন, হাসপাতাল, আবাসিক ভবনসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-ভৌতিক সংস্থা (বিএমকেজি) জানিয়েছে, স্থানীয় সময় রাত ৯টা ৪৬ মিনিটে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। এর কেন্দ্রস্থল ছিল মধ্য সুলাওয়েসি প্রদেশের বুয়োল রিজেন্সি। কম্পনটি মধ্য সুলাওয়েসির আশপাশের এলাকা এবং প্রতিবেশী গোরোন্তালো প্রদেশেও অনুভূত হয়।
বুয়োল দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান মোহ খাকফি মারদজুন জানান, প্রাথমিক মূল্যায়নে সরকারি ভবন, একটি হাসপাতাল, একটি রেস্তোরাঁ এবং বেশ কয়েকটি বসতবাড়ির ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে।
তিনি বলেন, 'প্রাথমিক তথ্য অনুযায়ী কয়েকটি সরকারি স্থাপনা ও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আঞ্চলিক হাসপাতালে এক রোগীকে সরিয়ে নেওয়ার সময় তার মৃত্যু হয়েছে।'
স্থানীয় কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব নিরূপণের কাজ চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন এবং জরুরি ত্রাণসামগ্রী বিতরণ শুরু হয়েছে।