রাজধানীর যাত্রাবাড়ীর শনিরআখড়া এলাকায় বৃষ্টির পানিতে দাঁড়িয়ে পানির মোটরের সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেজাউল করিম (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক অতিরিক্ত পরিচালক (অবসরপ্রাপ্ত)।
রবিবার (১২ জুলাই) গভীর রাতে শনিরআখড়ার ব্যাংক কলোনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বজনরা জানান, টানা বৃষ্টিতে রেজাউল করিমের বাড়ির নিচতলায় পানি জমে যায়। এশার নামাজের পর তিনি মোটরের সুইচ চালু করতে নিচে নামেন। জমে থাকা পানিতে দাঁড়িয়ে সুইচ চালুর চেষ্টা করার সময় তিনি বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবার সূত্রে জানা গেছে, রেজাউল করিম প্রায় দেড় বছর আগে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক পদ থেকে অবসর নেন। তিনি শনিরআখড়ার নিজ বাসভবনে পরিবারের সদস্যদের সঙ্গে থাকতেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।