কাতারের সাবেক আমির ও 'ফাদার আমির' খ্যাত মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।
রবিবার (১২ জুলাই) শেখ হামাদ (৭৪) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
কাতারের এই মহান নেতার প্রয়াণে সোমবার (১৩ জুলাই) দুপুর ১টায় গুলশানে অবস্থিত কাতার দূতাবাসে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর (এমপি) এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হুমায়ুন কবির। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত কাতারের রাজপরিবার ও দেশটির জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, শেখ হামাদ বিন খলিফা আল থানি আধুনিক কাতার গঠনে এবং দেশটির আর্থ-সামাজিক উন্নয়নে ঐতিহাসিক ভূমিকা পালন করেছিলেন। যার কারণে তাকে শ্রদ্ধার সাথে 'ফাদার আমির' হিসেবে অভিহিত করা হয়। তার মৃত্যুতে বিশ্ব রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।