সরকার প্রত্যেকটা উপজেলা সদরে ১০ শয্যাবিশিষ্ট কিডনির ডায়ালাইসিস সেন্টার নির্মাণ করতে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. আব্দুল গফুরের এক সম্পূরক প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় ল্যাবরেটরি স্থাপন করতে যাচ্ছি। সেই লক্ষ্যে ল্যাবরেটরির সকল ইকুইপমেন্ট আমদানির ব্যবস্থা করা হচ্ছে। তার উপরে এক্স-রে মেশিনসহ প্রয়োজনীয় যেগুলি ব্লাড এক্সামিনেশন করার দরকার, সেই মেশিন, এক্স-রে মেশিন, আল্ট্রাসনোগ্রাম মেশিন—সেগুলি প্রত্যেকটা উপজেলায় আমরা করতে যাচ্ছি এবং কার্যক্রম গ্রহণ করেছি।
স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আরও একটি বড় উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
এর আওতায় দেশের প্রতিটি উপজেলা সদরে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার নির্মাণ করা হবে। তিনি বলেন, আশা করি, এর মাধ্যমে দেশের সাধারণ মানুষ নিজ নিজ এলাকায় উন্নত ডায়ালাইসিস সেবা গ্রহণের সুযোগ পাবেন।
এ সময় তিনি সংশ্লিষ্ট সংসদ সদস্যকে উদ্দেশ করে বলেন, ভবিষ্যতে এ বিষয়ে আরও কোনো দাবি বা প্রয়োজন থাকলে তার সঙ্গে যোগাযোগ করলে তিনি তা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করবেন।