কুড়িগ্রাম সদর উপজেলার কেতার মোড় এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে নিয়ম লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট একটি গুদামের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বিকেলে পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রামের উদ্যোগে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতে এ ব্যবস্থা নেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর জানায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে কেতার মোড় সংলগ্ন একটি গুদামে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে আনুমানিক ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। পাশাপাশি সতর্কতামূলকভাবে মালিককে ৫ হাজার টাকা জরিমানা করে তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী (এক্সিকিউটিভ) ম্যাজিস্ট্রেট কাজী রীমা আক্তার। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রামের সহকারী পরিচালক মো. রেজাউল করিম।
অভিযান শেষে সংশ্লিষ্ট ব্যবসায়ীসহ উপস্থিত সবাইকে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুত, ক্রয়-বিক্রয় ও ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে পরিবেশ রক্ষায় সবাইকে আইন মেনে চলার আহ্বান জানায় ভ্রাম্যমাণ আদালত।