দক্ষিণ ফ্লোরিডার রিয়েল এস্টেট ব্রোকার এবং ডেভলপাররা ধারণা করেছিলেন যে ২০২৬ বিশ্বকাপ মায়ামির আবাসন বাজারে বিক্রির ধুম নামাবে। যদিও বিশ্বকাপের সেই জোয়ার পূর্বাভাসের মতো অতটা নাটকীয় রূপ নেয়নি, তবুও ফুটবলের এক বড় তারকা ব্রাজিলের কাকা গত মাসে মায়ামি-ডেডে একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনতে ৮৭ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১০৫ কোটি টাকা, করেছেন।
৩,৩৪৫ বর্গফুটের এই বিলাসবহুল ফ্ল্যাটটি থেকে আটলান্টিক মহাসাগর এবং বিস্কেইন বের মনোরম দৃশ্য দেখা যায়।
দক্ষিণ ফ্লোরিডায় সম্পত্তি কেনা ফুটবল তারকাদের মধ্যে কাকা অবশ্য প্রথম নন। চলতি বছরের শুরুর দিকে, ২০০২ বিশ্বকাপজয়ী দলের আরেক ব্রাজিলিয়ান তারকা রোনালদো নাজারিও কাকার এই নতুন বাড়ির কাছেই একটি কন্ডো কিনেছেন। ৮ মিলিয়ন ডলার খরচে।
এছাড়া আর্জেন্টাইন কিংবদন্তী লিওনেল মেসি ২০২৩ সালে ফোর্ট লাউডারডেলের বে কলোনি এলাকায় ১০.৮ মিলিয়ন ডলারে একটি বাড়ি কেনেন। অন্যদিকে ইন্টার মায়ামির সভাপতি ও সহ-মালিক ডেভিড বেকহ্যামের মায়ামি বিচের নর্থ বে রোডে একটি ৮০ মিলিয়ন ডলারের বিশাল ওয়াটারফ্রন্ট এস্টেট রয়েছে।
বর্তমানে ৪৪ বছর বয়সী কাকা মাত্র ১৮ বছর বয়সে ব্রাজিলের ক্লাব সাও পাওলোর হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন। এরপর তিনি এসি মিলান এবং রিয়াল মাদ্রিদের মতো ইউরোপীয় জায়ান্টদের হয়ে মাঠ মাতান। পরবর্তীতে তিনি ফ্লোরিডায় মেজর লিগ সকারদল অরল্যান্ডো সিটি এসসি-এর হয়ে খেলে ২০১৭ সালে ফুটবল থেকে অবসর নেন। এই অ্যাটাকিং মিডফিল্ডার ২০০২, ২০০৬ এবং ২০১০ বিশ্বকাপে ব্রাজিলের প্রতিনিধিত্ব করেছিলেন। ব্যালন ডি অর জিতেছেন।