রাজধানীতে মাদরাসায় বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত

রাজধানীর ডেমরা পূর্ব বক্সনগর এলাকার একটি মাদরাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বিস্ফোরণে ৫ শিক্ষার্থী আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। 

সোমবার (১৩ জুলাই) বেলা ৩টার দিকে দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসায় (তাখসিসি শাখা) এই দুর্ঘটনা ঘটে। 

আহতরা হলেন— রেদোয়ান (১৬), মোদাব্বির (১৫), সাফি (১৫), হুজাইফা (১৬) ও রোমান (১৫)।

মাদরাসাটির শিক্ষক আশিকুর রহমান আকাশ জানান, আটতলা ভবনটির পুরোটাই মাদরাসা। যারা আহত হয়েছেন তারা ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। থাকে ৬ষ্ঠ তলায়। বিকেলে ৬ষ্ঠ তলায় যখন ঘুমিয়ে ছিল, তখন দেয়ালে থাকা বৈদ্যুতিক সুইচের বক্সে একটি বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে দেয়ালের কয়েকটি ইট খসে পড়ে। সেগুলোর আঘাতেই আহত হয় ওই পাঁচ শিক্ষার্থী। 

সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। এর মধ্যে রেদোয়ান নামের এক শিক্ষার্থী এখনও চিকিৎসাধীন রয়েছে। তার মাথায় সিটি স্ক্যান করা হয়েছে। রিপোর্ট দেখে চিকিৎসকরা ভর্তির সিদ্ধান্ত নেবেন। 

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, আহত কারও অবস্থাই গুরুতর না। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।