চট্টগ্রামের সাতকানিয়ায় ভয়াবহ বন্যায় পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন হাজারো মানুষ। দুর্গতদের পাশে দাঁড়াতে সরকারি উদ্যোগের পাশাপাশি দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম।
সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার এওচিয়া ইউনিয়নের ওয়াহিদার পাড়া এলাকায় পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন— এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এমপি, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহ সুলতান, চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক জোবায়ের হোসেন আরিফ, সাতকানিয়া উপজেলা যুগ্ম সমন্বয়কারী এস. এম. ইঞ্জিনিয়ার ইউনুছ, ওয়াহিদার পাড়া ইসলামী তরুণ সংঘের সভাপতি আহমদ কবিরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ত্রাণ বিতরণকালে নাহিদ ইসলাম বলেন, ‘গত ৫ থেকে ৭ দিন ধরে এ এলাকার কয়েকশ পরিবার পানিবন্দি অবস্থায় অমানবিক জীবনযাপন করছে। অথচ দুঃখজনক হলেও সত্য, এই দীর্ঘ সময়ে স্থানীয় সংসদ সদস্য কিংবা প্রশাসনের কোনো প্রতিনিধিকে দুর্গত মানুষের পাশে দেখা যায়নি। ডলু নদীর ভাঙন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা এবং নদী খনন না করার কারণেই প্রতি বছর এ এলাকায় জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। এটি শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং দীর্ঘদিনের অবহেলা ও অব্যবস্থাপনার ফল।’
তিনি আরও বলেন, ‘পুরো বাংলাদেশের মানুষ এখন চট্টগ্রামের বন্যা পরিস্থিতির দিকে তাকিয়ে আছে। তারা দুর্গত মানুষের কষ্টে উদ্বিগ্ন। আমি দেশের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানাই, যার যার সামর্থ্য অনুযায়ী বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ান। বিশেষ করে তরুণ ও ছাত্রসমাজকে নিজ উদ্যোগে ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।
এদিকে, বন্যাদুর্গত এলাকার বাসিন্দারা জানান, টানা বৃষ্টিপাত ও বন্যার পানিতে যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে। অনেক এলাকায় এখনও নৌকা ছাড়া চলাচলের সুযোগ নেই। বিশুদ্ধ খাবার পানি ও খাদ্যসংকটে তারা মানবেতর জীবনযাপন করছেন। এমন পরিস্থিতিতে রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের মানবিক সহায়তাকে স্বাগত জানিয়ে তারা দ্রুত সরকারি সহায়তা জোরদারের দাবি জানান।