নাটোর

ঝুঁকির মুখে বালশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পরিদর্শনে ইউএনও

নাটোরের গুরুদাসপুর উপজেলার বালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ। এ সময় বিদ্যালয়সংলগ্ন বিষানি নদীর ভাঙন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

সোমবার (১৩ জুলাই) বিকেলে বিদ্যালয় পরিদর্শনকালে ইউএনও নদীর তীরবর্তী এলাকা ঘুরে দেখেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, নদীভাঙনের কারণে বিদ্যালয় ভবন এবং শিক্ষার্থীদের যাতায়াতের একমাত্র পাকা সড়কটি ঝুঁকির মুখে রয়েছে। পরে বিদ্যালয়ের মাঠ ও আশপাশের এলাকা পরিদর্শন করে ভাঙনের বর্তমান অবস্থা ও সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়েও খোঁজ নেন।

পরিদর্শন শেষে ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিষানি নদীর ভাঙন রোধে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বিদ্যালয় ভবন ও যাতায়াতের একমাত্র সড়কটি রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুমে বিষানি নদীর ভাঙন তীব্র হলে বিদ্যালয়ের নিরাপত্তা হুমকির মুখে পড়ে। বিশেষ করে একমাত্র পাকা সড়কটি ক্ষতিগ্রস্ত হলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে বড় ধরনের দুর্ভোগ সৃষ্টি হবে। তাই প্রশাসনের দ্রুত উদ্যোগের আশ্বাসে তারা স্বস্তি প্রকাশ করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে তাৎক্ষণিক সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি স্থায়ী ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।