দুই দিন আগে সন্ত্রাসী ডেভিড ইমন পরিচয়ে ফোনে চট্টগ্রামের এক ব্যবসায়ীর কাছে দাবি করা হয়েছিল দুই কোটি টাকা। সোমবার (১৩ জুলাই) দিনে দুপুরে সেই ব্যবসায়ীর ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে ঢুকে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে সশস্ত্র সন্ত্রাসীরা।
এসময় হামলাকারীরা বেশ ক’টি মোবাইল সেট ও ৩৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নগরীর চকবাজার থানাধীন চন্দনপুরা এলাকায় অবস্থিত ডিজিটাল ডট নেট (ডিডিএন) নামক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে।
হামলার শিকার প্রতিষ্ঠানের লোকজন জানায়, সোমবার দুপুর সোয়া বারোটার পর একদল সশস্ত্র সন্ত্রাসী ওই প্রতিষ্ঠানে ঢুকে বিভিন্ন জিনিসপত্র ভাংচুর শুরু করে। তারা সেখানে ব্যাপক ভাংচুর, প্রতিষ্ঠানের ক্যাশ লুটপাট ও বিভিন্ন মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
ডিডিএন এর পরিচালক রিদুয়ানুল কবির দেশ রূপান্তরকে বলেন, আকস্মিক এ হামলায় প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকরা ভীত সন্ত্রস্থ হয়ে পড়ে। সন্ত্রাসীরা বেশ ক’টি ল্যাপটপসহ বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করে এবং কয়েকটি মোবাইল ও প্রতিষ্ঠানের লোকজনের মাসিক বেতনের জন্য রাখা প্রায় ৩৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া হামলার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একদল যুবক অস্ত্রশস্ত্র উঁচিয়ে সেখানে ঢুকে বিভিন্ন টেবিলে থাকা জিনিসপত্র ভাংচুর শুরু করে। এসময় লোকজনকে সেখান থেকে ভয়ে বের হয়ে যেতে দেখা যায়। সন্ত্রাসীদের সেখানে টেবিলের ড্রয়ার খুলে জিনিসপত্র বের করতেও দেখা যায়।
জানা যায়, সন্ত্রাসী ডেভিড ইমন পরিচয়ে অজ্ঞাতনামা ব্যক্তি দুই দিন আগে ডিডিএন এর স্বত্বাধিকারী আদিল আল মামুনকে ফোন করে এককালীন দুই কোটি টাকা এবং প্রতি মাসে দশ লাখ টাকা করে চাঁদা দাবি করে। অন্যথায় ব্যবসা ছেড়ে দিতে বলে। ডিডিএন মালিক তার পরিচয় জানতে চাইলে ইমন পরিচয় দানকারী পুলিশ কমিশনারের কাছ থেকে তার পরিচয় জেনে নিতে বলে। এসময় ওই ব্যক্তি স্মার্ট গ্রুপের মালিক মুজিবুর রহমানের বাড়িতে চাঁদার জন্য গুলি করার ঘটনা উল্লেখ করে।
হামলার খবর পেয়ে নগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কাছ থেকে ঘটনার বর্ণনা ও ভিডিও ফুটেজ নেন।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন দেশ রূপান্তরকে বলেন, ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এর সঙ্গে জড়িতদের সনাক্ত করার চেষ্ঠা চলছে। তবে, সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত এ ঘটনায় থানায় কোন মামলা হয়নি বলে জানান তিনি।
প্রসঙ্গত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভূক্ত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন দুবাইয়ে অবস্থানরত শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ এর সেকেন্ড ইন কমান্ড বলে পরিচিত। ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকায় তার বাড়ি। তার বিরুদ্ধে ২০২৪ সালের আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর সংঘটিত একাধিক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া সন্ত্রাসী সাজ্জাদের হয়ে বিভিন্ন শিল্পপতি ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।