মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন যে, ইরানের উপর নতুন করে সামরিক হামলা এবং কঠোর নৌ-অবরোধ আরোপ করা সত্ত্বেও যুদ্ধ বন্ধে তেহরানের সঙ্গে একটি শান্তি চুক্তি এখনও সম্ভব। হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
সাংবাদিকদের ট্রাম্প বলেন, মাত্র দুদিন আগেই ইরানের সাথে একটি চুক্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। কিন্তু শেষ মুহূর্তে তেহরান পিছু হটে জানায় যে, এই বিষয়ে তাদের আরও আলোচনার প্রয়োজন রয়েছে।
সম্প্রতি দুই দেশের মধ্যে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এর পরপরই ইরানের ওপর নতুন করে কঠোর অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা জারির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট।
একই সাথে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। ট্রাম্পের দাবি, এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব এখন থেকে এককভাবে মার্কিন যুক্তরাষ্ট্র পালন করবে।
তবে এই নিরাপত্তার পেছনে বিশাল ব্যয় মার্কিন প্রশাসন একা বহন করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এই নৌপথ ব্যবহারকারী ধনী দেশগুলোকে অবশ্যই যুক্তরাষ্ট্রকে অর্থ দিতে হবে।
ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে দেন যে, বৈশ্বিক বাণিজ্যের এই লাইফলাইন রক্ষায় যুক্তরাষ্ট্র বিপুল অর্থ খরচ করছে। তাই অন্যান্য সম্পদশালী রাষ্ট্রগুলো আমেরিকার কাছ থেকে কোনো বিনা মূল্যের সেবা আশা করতে পারে না।