এআই দ্বারা তৈরি চরিত্র ‘টিলি নরউড’ প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছে ‘মিসঅ্যালাইন্ড’ নামের একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে। আর এই খবর হলিউডে এক অভূতপূর্ব বিতর্কের জন্ম দিয়েছে। একটি সফটওয়্যার প্রোগ্রাম বা কোড কি আদৌ ‘অভিনেতা’ হতে পারে?
টিলি নরউডের নির্মাতা প্রতিষ্ঠান ‘পার্টিকেল সিক্স’। এর প্রধান এলিন ভ্যান ডার ভেল্ডেন জানান, এটি কোনো অভিনেতার বিকল্প নয়, বরং চরিত্র নির্মাণে মানুষের সৃজনশীলতা ও এআই প্রম্পটিংয়ের এক যৌথ প্রয়াস।
তবে এই প্রযুক্তির তীব্র বিরোধিতা করেছে হলিউডের অভিনয়শিল্পীদের সংগঠন ‘সাগ-আফত্রা’। সংগঠনের সভাপতি শন অ্যাস্টিন বলেন, ‘টিলি কোনো মানুষ নয়, সফটওয়্যার দিয়ে তৈরি একটি সিন্থেটিক কাঠামো।’ অভিনেত্রী জাস্টিন বেটম্যানও এর বিরোধিতা করে বলেন, চলচ্চিত্রে মানুষের চরিত্র একজন মানুষকেই করা উচিত। এআইয়ের এই আগমন হলিউডে অভিনয়শিল্পীদের কর্মসংস্থান ও শিল্পের মৌলিক সংজ্ঞা নিয়ে এক বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে।