পথহারা মন

আট বছর পর নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় অভিনয় করলেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। নাটকের নাম ‘পথহারা মন’। ভালোবাসার গল্প, সম্পর্কের টানাপড়েন ও মানুষের আবেগ নিয়ে নির্মিত এই নাটকে জাহিদ হাসানের পাশাপাশি আরও অভিনয় করছেন খায়রুল বাসার, তানজিম সাইয়ারা তটিনী, দীপা খন্দকার, ডা. এজাজ ও মনিরা মিঠু। এর আগে সর্বশেষ ২০১৮ সালে রাজের নির্দেশনায় ‘ছেলেমানুষি’ নাটকে অভিনয় করেছিলেন জাহিদ হাসান।

দীর্ঘদিন পর একসঙ্গে কাজ করা প্রসঙ্গে নির্মাতা রাজ বলেন, ‘জাহিদ ভাইয়ের অভিনয় দক্ষতা নাটকটিকে অন্য মাত্রা দিয়েছে। অভিজ্ঞ ও তরুণ শিল্পীদের সমন্বয়ে দারুণ একটি টিম পেয়েছি আমরা।’ জাহিদ হাসান বলেন, ‘রাজের সঙ্গে কাজের অভিজ্ঞতা সবসময়ই ভালো। এই নাটকের গল্পটি খুব আন্তরিক এবং আমার চরিত্রটিও বেশ চ্যালেঞ্জিং।’

জাকিয়া হোসেন তৃষার গল্পে নাটকটির পা-ুলিপি তৈরি করেছেন আসাদ জামান ও নির্মাতা রাজ। ঢাকার উত্তরায় গত ১০ জুলাই থেকে শুরু হওয়া এই নাটকের শুটিং শেষ হচ্ছে আজ মঙ্গলবার (১৪ জুলাই)। প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালার ব্যানারে নির্মিত ‘পথহারা মন’ নাটকটি শিগগিরই ডিজিটাল প্ল্যাটফর্ম ইউটিউবে তাদের নিজস্ব চ্যানেলে মুক্তি পাবে।