বরিশাল সফরে যাওয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তার দায়িত্বে থাকা বহরের একটি গাড়ি লক্ষ্য করে ইটের টুকরা নিক্ষেপের ঘটনা ঘটেছে। সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সাধুরব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি ওই দিন সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এটি অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা নাকি নাশকতার চেষ্টা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার সকালে সড়কপথে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা হন। প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও চিত্রে দেখা যায়, প্রধানমন্ত্রী বাসের ভেতরে দাঁড়িয়ে রাস্তার পাশে অপেক্ষমাণ জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিলেন। এ সময় বহরের পেছনে থাকা তৃতীয় গাড়িটির সামনে হঠাৎ একটি ইটের টুকরা এসে পড়ে।
এ ঘটনার ১ মিনিট ৪৯ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, মহাসড়কের দুপাশে প্রচুর মানুষের ভিড় ছিল এবং প্রধানমন্ত্রী হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দিচ্ছিলেন। এমন উৎসবমুখর পরিবেশের মধ্যেই বহরের একটি গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়া হয়।
ঘটনাটি পুলিশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এ বিষয়ে মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, বহরের গাড়িতে একটি ইটের টুকরা পড়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে এটি কি চলমান কোনো গাড়ির টায়ার থেকে ছিটকে এসেছে, নাকি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ নিক্ষেপ করেছে, তা বিশ্লেষণ করা হচ্ছে।
পুলিশ সুপার আরো বলেন, পুরো বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। এ নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। প্রকৃত ঘটনা উদঘাটনে কাজ করছে পুলিশ।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার ঢাকা থেকে সড়কপথে বরিশাল যান। সেখানে তিনি ‘স্মার্ট বাংলাদেশ টেকসই উন্নয়ন’ শীর্ষক জনসভায় অংশগ্রহণ করেন। জনসমাগম ও উৎসবমুখর পরিবেশের মধ্যেই এই ঘটনা ঘটে।