বার্থডে বয় ইয়ামালের একটাই চাওয়া, ফাইনালের টিকিট

সোমবার, ১৩ জুলাই, ১৯ বছরে পা দিয়েছেন স্পেনের তরুণ সেনসেশন লামিন ইয়ামাল। আর জন্মদিনের ঠিক পরের দিনই আজ ১৪ জুলাই টেক্সাসের আর্লিংটনের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে ফ্রান্সের মুখোমুখি হচ্ছে তাঁর দল। জীবনের সবচেয়ে বড় এই ম্যাচের আগে শত শত সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে মজার ছলে নিজের জন্মদিনের সেরা উপহারের কথা জানালেন এই বার্সেলোনা তারকা।

সংবাদ সম্মেলনে ইয়ামাল রসিকতা করে বলেন, "আমার জন্মদিনে আসার জন্য সবাইকে ধন্যবাদ। তবে আমি এখনো খুব বেশি উপহার পাইনি, পরিবারের সাথেও দেখা করা বাকি। কিন্তু আমি যদি নিজেকে কোনো উপহার দিতে পারতাম, তবে তা হতো আগামীকালের ম্যাচে একটি জয় এবং নিউ ইয়র্কে (ফাইনালে) যাওয়ার টিকিট।"

সবার চোখ আটকে গেল তাঁর গলায় থাকা সাদা সোনা এবং হিরের চোখধাঁধানো এক নেকলেসের দিকে।স্টাইলিশ ও জমকালো এই জুয়েলারি জন্মদিনে কেউ তাঁকে উপহার দিয়েছে কি না—এমন গুঞ্জন ওঠার আগেই স্বভাবসুলভ চটপটে ভঙ্গিতে তা উড়িয়ে দেন এই বার্সেলোনা উইঙ্গার। ইয়ামাল হাসিমুখে বলেন, "এই নেকলেসটি কোনো উপহার নয়, কারণ এটার দাম আমি নিজেই চুকিয়েছি। এটা আমার পক্ষ থেকে আমার নিজেকেই দেওয়া একটা বার্থডে গিফট।"