জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে তদন্ত শেষ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানিয়েছে, যাচাই-বাছাই শেষে দ্রুতই ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে।
মঙ্গলবার (১৪ জুলাই) এ কথা জানান ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানান, তাদের বিরুদ্ধে জুলাই আন্দোলন চলাকালে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ আনা হয়েছে। জুলাই হত্যাকাণ্ডে উসকানি, নির্দেশ ও অপরাধের ষড়যন্ত্রে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
এছাড়া জুলাই হত্যাযজ্ঞের ঘটনায় আমির হোসেন আমু, দীপু মনি, শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার, আবদুর রাজ্জাকসহ আওয়ামী লীগের প্রায় ১০ জন এমপি মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন।