দেশীয় চলচ্চিত্রের ‘মিষ্টি মেয়ে’খ্যাত অভিনেত্রী পূর্ণিমা দীর্ঘ তিন দশক ধরে রোমান্টিক চরিত্রে অভিনয় করে আসছেন সফলতার সঙ্গে। তবে এবার নায়িকার খোলস থেকে বের হয়ে নতুন সিদ্ধান্তের কথা জানালেন তিনি। বললেন, চেনা ছক ভেঙে খলনায়িকা বা ভিলেন চরিত্রে অভিনয় করার ইচ্ছা তার।
পূর্ণিমা জানান, ভবিষ্যতে এমন একটি শক্তিশালী খলচরিত্রে অভিনয় করতে চান, যা দর্শকদের কাছে তাকে নতুনভাবে উপস্থাপন করবে। তার ভাষ্য, 'আমার খুব ইচ্ছা খলনায়িকা বা ভিলেন টাইপ চরিত্রে অভিনয় করার। পর্দায় এমন একটি চরিত্র ফুটিয়ে তুলতে চাই, যার প্রতি মানুষের তীব্র ঘৃণা তৈরি হবে।'
অভিনেত্রীর ভাষ্যমতে, এখন পর্যন্ত কেউ তাকে এমন চরিত্রে কল্পনাই করেননি। কারণ, দর্শক ও নির্মাতারা তাকে বরাবরই রোমান্টিক ও কোমল স্বভাবের চরিত্রে দেখে অভ্যস্ত। পূর্ণিমা বলেন, ‘এখন পর্যন্ত খলচরিত্রে অভিনয় করা হয়নি আমার। আমাকে নিয়ে হয়তো কেউ তেমনটা চিন্তাই করেননি। সবাই ভাবেন, আমার চেহারার সঙ্গে নেতিবাচক চরিত্র ঠিক জমবে না। দর্শকরা আমাকে রোমান্টিক ও পরিপাটি লুকে দেখতেই অভ্যস্ত। তবে এবার এর বিপরীতে কিছু হলে খুব ভালো হতো।’