চন্দনাইশে বন্যার্ত ৫০০ পরিবার পেল পল্লী বিদ্যুৎ সমিতির ত্রাণ

বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া, বরকল ও বরমা ইউনিয়নের ৫০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর চন্দনাইশ জোনাল অফিস।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে আয়োজিত এ ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী নূর মোহাম্মদ।

এ সময় উপস্থিত ছিলেন চন্দনাইশ জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) খন্দকার মুহাম্মদ আযম, সমিতি বোর্ডের সচিব মোহাম্মদ সেলিম উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আজাদ হোসেন, এজিএম ইমতিয়াজ মোহাম্মদ জাহিদ, সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং চন্দনাইশ জোনাল অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। 

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী নূর মোহাম্মদ বলেন, ‘প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকটে থাকা ৫০০ পরিবারের হাতে মানবিক সহায়তা হিসেবে এসব ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, শুধু চন্দনাইশ নয়, দুর্যোগে ক্ষতিগ্রস্ত অন্যান্য উপজেলাতেও চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, সয়াবিন তেল, লবণ, আলু, চিড়া, চিনি, বিস্কুট, সাবান, মোমবাতি, বিশুদ্ধ পানি, লাইটার ও ব্যাগসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় উপকরণ।

এদিকে স্থানীয় বাসিন্দারা বন্যার এই দুর্যোগময় সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন।