বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ বড় পর্দায় ফিরছেন ৭ বছর পর। দীর্ঘ বিরতির পরে একসঙ্গে দুটি নতুন ছবি নিয়ে কামব্যাকের ঘোষণা করলেন তিনি। ছবির নামও জানালেন অভিনেতা। পাশাপাশি জানিয়েছেন, অনেকেরই মনে হয়েছিল অঅমার ক্যারিয়ার শেষ। কিন্তু তিনি কখনও হাল ছাড়েননি।
নব্বইয়ের দশকে দুর্দান্ত কমেডি, অসাধারণ নাচ আর পারিবারিক ঘরানার সিনেমা দিয়ে কোটি দর্শকের হৃদয় জয় করা এই অভিনেতা এবার নতুন স্বপ্ন নিয়ে ফিরছেন দর্শকদের সামনে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে গোবিন্দ নিজেই ঘোষণা দিয়েছেন তাঁর নতুন দুটি সিনেমা ‘রূপা’ এবং ‘দুনিয়াদারি’র। এর মধ্যে ‘রূপা’ ছবিটি নিয়ে বাড়তি চমকও রয়েছে। শুধু অভিনয়ই নয়, এই সিনেমার প্রযোজকের দায়িত্বও সামলাচ্ছেন তিনি নিজেই।
আরও একটি নতুন মুখ দেখা যাবে এই ছবিতে। ‘রূপা’র মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে নবাগতা রানী স্বর্ণকারের। এই সিনেমাতেই প্রথমবারের মতো গোবিন্দর বিপরীতে অভিনয় করবেন তিনি। গোবিন্দর বিশ্বাস, নতুন এই সিনেমা দর্শকদের আবারও চমকে দেবে এবং তার অভিনয়ের জাদু নতুন করে ফিরিয়ে আনবে।
গোবিন্দ আরও জানান, ‘রূপা’ শুধু একটি বিনোদনের সিনেমা নয়, এটি তরুণদের স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্ন বাস্তবায়নের সাহস জোগাবে। নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার বার্তাও থাকবে ছবিটিতে।
উল্লেখ্য, গোবিন্দকে সর্বশেষ ২০১৯ সালে ‘রঙ্গিলা রাজা’ সিনেমায় দেখা গিয়েছিল। এরপর দীর্ঘ বিরতি নিয়ে এবার নতুন উদ্যমে আবারও বলিউডে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন এই জনপ্রিয় অভিনেতা।