বগুড়ায় ফার্মেসিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা

বগুড়া শহরের শেরেবাংলা নগর এলাকায় ভুয়া চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে একটি ফার্মেসিতে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৪ জুলাই) সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত সদর উপজেলার শেরেবাংলা নগর এলাকার চৌধুরী ফার্মেসিতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে দেখা যায়, শুধুমাত্র ডিএমএফ কোর্স সম্পন্ন করেও মো. মহিদুর রহমান চৌধুরী (রুমন) ও মো. মতিউর রহমান চৌধুরী (রুম্মান) দীর্ঘদিন ধরে নামের আগে ‘ডাক্তার’ ব্যবহার করে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। এতে স্থানীয় মানুষ তাদের নিবন্ধিত চিকিৎসক হিসেবে মনে করে চিকিৎসা নিচ্ছিলেন, যা রোগীদের বিভ্রান্ত ও প্রতারিত করছিল।

অভিযানের সময় চেম্বার থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধও জব্দ করা হয়। অভিযোগ স্বীকার করলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী চৌধুরী ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিক আদায় করা হয়েছে। এ সময় অভিযুক্তরা ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না বলে অঙ্গীকার করেন। অভিযানে সার্বিক সহযোগিতা করেন র‌্যাব-১২ এবং জেলা পুলিশের একটি চৌকস দল।