শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর

শিক্ষার্থীদের নিয়ে নিজের একটি ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে তৈরি হওয়া বিতর্কের কারণে জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। 

আজ মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যার পর সংসদে তিনি বলেছেন, কাউকে উদ্দেশ্য করে আমি কোনো মন্তব্য করিনি। তবুও যদি কেউ আঘাত পেয়ে থাকেন, আমি তার জন্য দুঃখ প্রকাশ করছি।

চলমান বন্যা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষাগুলো নতুন প্রশ্নপত্র সেটে পুনরায় গ্রহণ করা হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

সংসদে শিক্ষামন্ত্রী বলেন, চট্টগ্রাম বোর্ডের আওতাধীন জেলাগুলোতে বন্যার কারণে পরীক্ষা স্থগিত করতে হয়েছে এবং এই পরীক্ষাগুলো পুনরায় নিতেই হবে। আবার হিসাব বিজ্ঞান এবং যুক্তিবিদ্যা পরীক্ষার সময় বৃষ্টি ছিল, অনেকেই ভিজেছে এবং পরীক্ষা সঠিকভাবে দিতে পারেনি—এই ধরনের কমপ্লেইন এসেছে। আমরা যদিও সবসময় পর্যবেক্ষণের মধ্যেই ছিলাম, তারপরও শিক্ষার্থীদের দাবি এসেছে এই পরীক্ষাটি নিয়ে।

তিনি বলেন, সার্বিক বিষয় বিবেচনা করে মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে যে, চট্টগ্রাম বোর্ডের জন্য যখন পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, যুক্তিবিদ্যা এবং হিসাববিজ্ঞান বিষয়ের পরীক্ষা অন্য আরেকটি প্রশ্নপত্র সেটে নেওয়া হবে, সেই সময়ে এই পরীক্ষাটি সব জায়গায় পুনরায় নেওয়া যেতে পারে ।

বক্তব্যের একপর্যায়ে মন্ত্রী সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে তার একটি মন্তব্য নিয়ে তৈরি হওয়া সমালোচনার বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন। তিনি জানান, কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আঘাত করার জন্য তিনি কোনো কথা বলেননি। তার এই ব্যক্তিগত মন্তব্যে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন বা আহত হয়ে থাকেন, তবে তার জন্য তিনি দুঃখ প্রকাশ করছেন।

আরও বিস্তারিত ভিডিওতে