শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে জয়পুরহাটে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ 

টানা ভারী বৃষ্টি ও বৈরী আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা অব্যাহত রাখা, প্রশ্নপত্র প্রণয়নে ত্রুটি এবং শিক্ষার্থীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৪ টার দিকে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জয়পুরহাট শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করার পর পাচুর মোড় জিরো পয়েন্টে সড়ক অবরোধ করেন। এ সময় প্রায় ঘণ্টা ব্যাপী অবরোধ চলাকালে যান চলাচল কিছুটা বন্ধ হয়ে যায়। পরে প্রশাসন ও পুলিশ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা শিক্ষার্থীদের দাবি দেওয়া শুনে ঊর্ধ্বতন  কর্তৃপক্ষকে জানানো ও ব্যবস্থার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। 

বিক্ষোভ অবরোধে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, টানা ভারী বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন অঞ্চলের পরীক্ষার্থীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। অনেক শিক্ষার্থী সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে না পেরে মানসিক চাপের মুখে পড়েছেন। এমন পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত না করে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন।

মিছিল চলাকালে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ  বিভিন্ন স্লোগান দিয়ে দ্রুত শিক্ষা ব্যবস্থার সংকট নিরসন, শিক্ষার্থী বান্ধব সিদ্ধান্ত গ্রহণ আহ্বান জানান।

জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, সারা দেশের মতো শিক্ষার্থীরাও এখানেও শিক্ষার্থীরা দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ মিছিল ও অবরোধ করেছিলেন। তাদের দাবি-দাওয়া গুলো প্রশাসন ও পুলিশ সহ সংশ্লিষ্টদের কাছে বলেন। তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তাদের দাবি-দাওয়া গুলো জানাবেন ও প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। তাদের আশ্বাসের ভিত্তিতে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।