প্রধানমন্ত্রীর এলাকায় এসেই চাঁদাবাজির শিকার : নাসির উদ্দীন পাটোয়ারী

প্রধানমন্ত্রীর এলাকায় এসেই চাঁদাবাজির শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী। মঙ্গলবার (১৪ জুলাই) রাত সোয়া ৮টায় বগুড়া মহানগরের সাতমাথায় দেশ গড়তে জুলাই পদযাত্রার সভায় তার বক্তব্যে তিনি এ মন্তব্য করেছেন।

নাসির উদ্দীন পাটোয়ারী বলেন,  যারা নিরাপদ সড়ক চাই আন্দোলন করেছিল, তারাই ভার্সিটিতে এসে আন্দোলন করে শেখ হাসিনাকে দিল্লীতে পাঠিয়ে দিয়েছে। তাই এই এইচএসসি পরীক্ষার্থীদের সাথে হাংকি পাংকি করবেন না, এরাই ভার্সিটিতে গিয়ে আবার আন্দোলন করে আপনাদের লন্ডনে পাঠিয়ে দিবে।

জুলাই আন্দোলন নিয়ে তিনি বলেন, এখন আমাদের নব্য জুলাই ব্যবসায়ী বলা হচ্ছে। অথচ আপনি শিক্ষামন্ত্রী জুলাই আন্দোলনের পর আমেরিকা থেকে এসেছেন, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন শিলং থেকে এসেছেন। এই জুলাই আন্দোলনকারীরা আপনাদের ক্ষমতার মসনদে বসিয়েছে। আর আমাদের বলছেন জুলাই ব্যবসায়ী! দেশের মানুষের চিকিৎসা নিশ্চিতের জন্য, শিক্ষার প্রসার ঘটাতে, চাঁদাবাজি, টেন্ডার বাজী, দখলবাজী বন্ধ করতে, মাদক নির্মূল করতে গিয়ে যদি আমাদের জুলাই ব্যবসায়ী বলা হয়, তবে আমরা তাই।

দেশের শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের বিষয়ে নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান গুলো দখল হয়ে গেছে। হাসপাতালগুলোর খাবারের টেন্ডার দখল করা হয়েছে। স্কুল এখন শিক্ষার চেয়ে বাণিজ্য বেশি হচ্ছে। এখন একজন বাবা তার সন্তানকে স্কুলে ভর্তি করাতে গিয়ে চিন্তায় পড়েন। একজন স্বামী তার স্ত্রী সঠিক চিকিৎসা নিয়ে চিন্তা করেন। অথচ আমরা চাই এদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে যে কেউ তার সন্তানকে পড়াশোনা করাবে নির্বিঘ্নে। একজন স্বামী তার স্ত্রীকে চিকিৎসার জন্য একটা ফোন দিলে যাতে তার বাসায় এ্যাম্বুলেন্স হাজির এবং সঠিক চিকিৎসা হাসপাতালে গ্রহন করতে পারে।

নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, বগুড়া আমি এসেছি ভাড়া গাড়ি নিয়ে। পাশেই রেখেছি, একজন এসে বলে ১০০ টাকা চাঁদা দাও। প্রধানমন্ত্রীর এলাকায় এসেই চাঁদাবাজির শিকার হয়েছি।

শহীদ জিয়া ও খালেদা জিয়ার ছবি লাগিয়ে বিভিন্ন স্থানে ব্যানার টানিয়ে চাঁদাবাজি করা হচ্ছে। আবার রাতে ওই স্থানেই মাদকের আসর বসানো হচ্ছে বলেও নাসির উদ্দীন পাটোয়ারী মন্তব্য করেছেন।

সভায় এনসিপির মূখ্য সংগঠক সারজিস আলম বলেন, বিগত সময়ে বগুড়া অবহেলিত ছিল। এখন সময় এসেছে সুষম ইন্নয়নের। তবে, বগুড়াকে যদি আরেকটি গোপালগঞ্জ বানানোর চেষ্টা করা হয় তবে তার পরিমাণ হবে খুবই ভয়াবহ।
বিএনপির লোকজন মাদক ব্যবসায়ীদের সেলটার দিচ্ছে উল্লেখ করে সারজিস বলেন,  মাদক ব্যবসায়ীরা জামিন নিয়ে দলীয় নেতার সেল্টারে অবস্থান নিচ্ছে। এই নতুন প্রজন্মকে এদের থেকে রকৃষা করতে হলে সঠিক সিদ্ধান্ত নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

বগুড়া জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব আবদুস সবুর সুমনের পরিচালনায় জুলাই পদযাত্রার সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজ, গাজী সালাহউদ্দিন তানভীর, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী) ইমরান ইমন,  যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহদী, এনসিপি জেলা আহবায়ক এসএমএ মাহমুদ
সুলতান মাহমুদ, জাতীয় ছাত্রশক্তি বগুড়া জেলা শাখার আহবায়ক ও সদর উপজেলা পরিষদের এনসিপি মনোনীত প্রার্থী এএমজেড শাহরিয়ার জুহিন।

এরআগে সন্ধা ৭টার পর মহানগরের কালীতলা এলাকা থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ স্থানীয় এনসিপির নেতাকর্মীরা সাতমাথা পর্যন্ত জুলাই পদযাত্রায় অংশ নেন।