প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে চট্টগ্রাম ওয়াসার ৫ লাখ টাকা অনুদান

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম ওয়াসা। বন্যার্তদের মানবিক সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ৫ লাখ টাকার অনুদান দিয়েছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার (১৪ জুলাই) চট্টগ্রাম ওয়াসার জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ জুলাই প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বরাবর পাঠানো এক চিঠির মাধ্যমে এই অনুদানের অর্থ হস্তান্তর করা হয়। চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম স্বাক্ষরিত চিঠিটির সঙ্গে ৫ লাখ টাকার একটি পে-অর্ডার যুক্ত করে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুকূলে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, এই অনুদান কেবল কোনো সাধারণ আর্থিক সহযোগিতা নয়। এটি বন্যাকবলিত দুর্গত মানুষের প্রতি চট্টগ্রাম ওয়াসার সামাজিক ও মানবিক দায়বদ্ধতারই একটি প্রতিফলন।

তিনি আরও বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব। দেশবাসীর ঐক্যবদ্ধ উদ্যোগে ক্ষতিগ্রস্ত মানুষ খুব দ্রুতই আবার তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে বলে আশা করছি।