আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি

যুক্তরাষ্ট্রের আগ্রাসন, বিদ্বেষমূলক আচরণ ও যুদ্ধ পরিস্থিতি অব্যাহত থাকলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কখনই উন্মুক্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। মঙ্গলবার (১৪ জুলাই) দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমুদ্রসীমার নিয়ন্ত্রণ ও সুরক্ষার প্রশ্নে দেশের সশস্ত্র বাহিনী কোনো অবস্থাতেই পিছপা হবে না। হরমুজ প্রণালি উন্মুক্ত করার একমাত্র পথ হলো ইরানি জনগণের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করা।

নিজেদের অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে জেনারেল আকরামিনিয়া আরও বলেন, শহীদদের রক্তের, বিশেষ করে ইসলামি বিপ্লবের শহীদ নেতার হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইরান প্রতিশ্রুতিবদ্ধ এবং যেকোনো মূল্যে এই প্রতিশোধ নেওয়া হবে।