তথ্য উপদেষ্টা বললেন

শেখ হাসিনা অপ্রাসঙ্গিক তার রাজনৈতিক ভবিষ্যৎ নেই

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপ্রাসঙ্গিক এবং তার রাজনৈতিক ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেছেন, ‘শেখ হাসিনা দেশে ফিরলে স্বাগত। সরকার চায়, ন্যায়বিচারের স্বার্থে তিনি যেন আদালতের মুখোমুখি হন। আদালত যেই রায় দেবেন, সেটা যেন মান্য করা হয়।’ গতকাল মঙ্গলবার সচিবালয়ে পিআইডি সম্মেলনকক্ষে সরকারের চলমান কার্যক্রম নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি ।

আগামী ডিসেম্বরে শেখ হাসিনার ফিরে আসার ঘোষণা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, ‘উনি যদি আসেন, তাকে স্বাগতম। আমরা ন্যায়বিচার নিশ্চিত করতে চাই, ইনসাফ নিশ্চিত করতে চাই। তার (শেখ হাসিনা) মৃত্যুদ- হয়েছে, আমাদের সঙ্গে যোগাযোগ করে যদি উনি আসেন, উনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা মোকাবিলা করতে হবে। এই ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবী আনার সুযোগ আছে, তিনি আত্মপক্ষ সমর্থন করতে পারেন।’

জাহেদ উর রহমান বলেন, ‘এই দেশের জনগণ চায় তিনি যে অপরাধ করেছেন, যে মৃত্যুদ- আছে, সেটা যেন বহাল থাকে। মৃত্যুদ- কার্যকর হবে, সেটাও জনগণ দেখতে চায়। আদালতে তিনি যদি প্রমাণ করতে পারেন তিনি অপরাধী নন; আদালত যদি শেষ পর্যন্ত তাকে অন্য কোনো শাস্তি দেয় অথবা খালাস দেয়, সেটাও হতে পারে।’

শেখ হাসিনাকে ইঙ্গিত করে উপদেষ্টা বলেন ‘রাষ্ট্রকে ধ্বংস করে ফেলেছে, তাকেও আমরা জাস্টিস দিতে চাই। তিনি (শেখ হাসিনা) একেবারে অপ্রাসঙ্গিক একজন মানুষ। বিভিন্ন জায়গায় কথাবার্তা বলে উনি প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছেন। কারণ, উনার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ এই দেশে নেই। যারা আওয়ামী লীগের প্রতি কিছুটা সহানুভূতিশীল, তারাও মনে করেন, উনার রাজনৈতিক ভবিষ্যৎ নেই।’

গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচার ও তাকে নিয়ে আলোচনার ক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞার কথা স্মরণ করিয়ে দিয়ে জাহেদ উর রহমান বলেন, ‘আদালতের নির্দেশনা বাস্তবায়ন সরকারের ওপর অর্পিত দায়িত্ব। কেউ যদি মনে করেন এটা ঠিক হয়নি, তাহলে তিনি আদালতে গিয়ে বিষয়টি চ্যালেঞ্জ করতে পারেন।’