হাত-পা বেঁধে, চুল কেটে স্ত্রীকে রাতভর নির্যাতন

গোপালগঞ্জের মুকসুদপুরে স্ত্রীকে ঘরে আটকে হাত-পা বেঁধে, মাথার চুল কেটে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নির্যাতনের সময় তাদের দুই শিশু সন্তানও ঘরে ছিল। খবর পেয়ে পুলিশ তালা ভেঙে গৃহবধূ ও দুই শিশুকে উদ্ধার করে এবং অভিযুক্ত স্বামীকে আটক করেছে। গত সোমবার রাতে উপজেলার গোহালা ইউনিয়নের গয়লাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আটক নাজমুল শেখ (২৮) গয়লাকান্দি গ্রামের নওয়াব আলী শেখের ছেলে।

স্থানীয়দের ভাষ্য, নাজমুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রীকে নির্যাতন করত। গত সোমবার রাতে পারিবারিক কথা-কাটাকাটির একপর্যায়ে তিনি ঘরে তালা দিয়ে স্ত্রীকে আটকে রাখেন। পরে তার হাত-পা বেঁধে মাথার চুল কেটে দেন। নির্যাতনের শিকার ওই নারী এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।