বিগত আওয়ামী লীগ সরকার অপরিকল্পিত উন্নয়নের মাধ্যমে পরিবেশ ও জীববৈচিত্র্যের অনেক ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি হামিদ সাহেবের বাড়িতে যাওয়ার জন্য হাওরের ওপর রাস্তা বানানো হয়েছে। এতে প্রকৃতি ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়েছে। নানা প্রজাতির মাছ ছিল, সেগুলো বিনষ্ট হয়েছে। তথাকথিত উন্নয়নের নামে কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। দেশের জনগণকে বিপদের মধ্যে রেখে, পরিবেশ বিপন্ন করার অপচেষ্টা চালানো হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে আনোয়ারায় তৈলারদ্বীপে বন্যাকবলিত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, বর্তমান সরকার এসব বিবেচনায় নিয়ে পরিবেশবান্ধব কর্মসূচি গ্রহণ করেছে। বন্যা পরিস্থিতিতে সরকার এবং বিএনপি নিজস্ব তহবিল থেকে প্রথম থেকেই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে।