রাজধানীর আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারে বাসা ভাড়া নিয়ে মালিকের ছেলের মারধরে ব্যবসায়ী মো. স্বপন (৬০) খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন বাড়ির মালিকের ছেলে ইসাদুল ইসলাম রিজভী ও তার চাচাতো ভাই সাদিফ ইসলাম রোহান।
গতকাল তাদের আদালতে তোলে পুলিশ। পরে আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেয়। জানা গেছে, সোমবার ভোরে স্টাফ কোয়ার্টারের ৪ নম্বর ভবনের ৮১ নম্বর ফ্ল্যাটের সামনে ও সংলগ্ন মাঠে এই ঘটনা ঘটে। এতে জড়িত সন্দেহে মূল অভিযুক্ত রিজভী ও তার চাচাতো ভাই রোহানকে গ্রেপ্তার করে পুলিশ। বাসা বাড়ার এক হাজার টাকা কেন্দ্র করে ভাড়াটিয়া পিটিয়ে হত্যা করা হয়।
নিহত স্বপন মাদারীপুর জেলার শিবচর থানার তাহের ফকিরকান্দি গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। তিনি পেশায় একজন কসমেটিকস ব্যবসায়ী ছিলেন। বর্তমানে তিনি ও তার ভাই রাজা মোহাম্মদ সেলিম আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারের নিচতলার একটি কক্ষে ছয় হাজার টাকা ভাড়ায় বসবাস করছিলেন।