গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এদের একজন হামে এবং ছয়জন হামের উপসর্গে মারা গেছে। এ সময়ে হামের উপসর্গের রোগী পাওয়া গেছে ৮৬৮ জন। হাম শনাক্ত হয়েছে ১২২ জনের। সব মিলিয়ে হামজনিত নতুন রোগী পাওয়া গেছে ৯৯০ জন। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মারা গেছে ৭৬৬ শিশু। এর মধ্যে হামে ৯৫ ও উপসর্গে ৬৭১ শিশুর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে এক লাখ ২৬ হাজার ৯৭৯ শিশু। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১৪ জুলাই সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে এক লাখ ১৩ হাজার ২৪৪। হাম শনাক্ত হয়েছে ১৩ হাজার ৭৩৫ শিশুর। হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৬ হাজার ২৭ শিশু। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯২ হাজার ৩৮৩ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া চারজন ঢাকায়, দুজন সিলেট বিভাগের বাসিন্দা, হামে মারা যাওয়া শিশুও ঢাকার বাসিন্দা। একই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৫২ জন হাম উপসর্গের রোগী পাওয়া গেছে। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ৬২ শিশুর।