মাদারীপুর জেলা পুলিশ

প্রধানমন্ত্রীর গাড়িবহরে ‘নিক্ষিপ্ত’ ইটের টুকরো চাকা থেকে আসা

বরিশাল যাওয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরের পিজিআর ডাবল কেবিন পিকআপে ‘ইট নিক্ষেপের’ অভিযোগটি সঠিক নয় বলে দাবি করেছে মাদারীপুর জেলা পুলিশ। বিভিন্ন ভিডিও ফুটেজ ও ঘটনাস্থলের তথ্য বিশ্লেষণ করে পুলিশ জানায়, সামনের গাড়ির চাকার ধাক্কায় উড়ে আসা ছোট একটি ইটের টুকরো পেছনের গাড়ির সামনের গ্লাসে আঘাত করেছে।

জেলা পুলিশের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সোমবার সকালে প্রধানমন্ত্রী বরিশাল যাওয়ার পথে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার সাধুর ব্রিজ এলাকায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে দাবি করা হয় এক ব্যক্তি পিজিআর গাড়িতে ইটের টুকরো নিক্ষেপ করেছেন।

ভিডিওটি পর্যালোচনা করে পুলিশ বলেছে, প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়ির পেছনে থাকা তৃতীয় পিজিআর ডাবল কেবিন পিকআপের সামনের গ্লাসে ছোট একটি ইটের টুকরোসদৃশ বস্তু পড়ে। তবে সেটি ইটের টুকরো, রাবিশ নাকি অন্য কিছু তা প্রথমে নিশ্চিত হওয়া যায়নি।