যৌথ উদ্যোগ বিশ্ব বাণিজ্যে সুফল আসবে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়নে সহায়ক বাণিজ্য চুক্তিস্বাক্ষরে সরকারের নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং এক্ষেত্রে সরকার-বেসরকারি খাতের যৌথ উদ্যোগ ইতিবাচক ফলে অবদান রাখবে। গতকাল মঙ্গলবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় ঢাকা চেম্বার সভাপতি এলডিসি উত্তরণ পরবর্তী সময়ে বৈশি^ক বাণিজ্যের প্রতিযোগিতা মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা বাড়ানো এবং রপ্তানি পণ্যের বহুমুখীকরণ ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে বাণিজ্যিক সম্ভাবনাময় দেশগুলোর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের পাশাপাশি সহযোগিতামূলক অন্য কার্যক্রমে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এগিয়ে আসার আহ্বান জানান।

এ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আফ্রিকা মহাদেশসহ সম্ভাবনাময় দেশগুলোর সাথে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়নে সহায়ক বাণিজ্য চুক্তি স্বাক্ষরে সরকারের নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বিশেষ করে আফ্রিকা অঞ্চলের দেশগুলোতে আমাদের উৎপাদিত পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, ওষুধ, ফলমূল, সিরামিক প্রভৃতি পণ্যের প্রচুর সম্ভাবনা রয়েছে এবং এ সম্ভাবনাকে কাজে লাগাতে দেশীয় উদ্যোক্তাদের আরও মনোনিবেশ করা প্রয়োজন। এলডিসি উত্তরণ পরবর্তী সময়ে দেশের বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবিলায় বেসরকারি খাতের সক্ষমতা বাড়ানো, সেই সঙ্গে রপ্তানি পণ্যের বহুমুখীকরণ ও বাজার সম্প্রসারণেরও আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।