শাইনপুকুর সিরামিকসের জন্য বিশেষ সুবিধা বাংলাদেশ ব্যাংকের

উৎপাদন কার্যক্রম সচল রাখা এবং কর্মরত শ্রমিক-কর্মচারীদের কর্মসংস্থান অব্যাহত রাখার স্বার্থে শাইনপুকুর সিরামিকস লিমিটেডকে বিশেষ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসির মাধ্যমে প্রতিষ্ঠানটি শুধুমাত্র কাঁচামাল আমদানির জন্য ১০০ শতাংশ মার্জিনে ঋণপত্র (লেটার অব ক্রেডিট-এলসি) খুলতে পারবে। গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এবং শাইনপুকুর সিরামিকসের উৎপাদন কার্যক্রম ও কর্মসংস্থানের বিষয়টি বিবেচনায় নিয়ে ব্যাংক কোম্পানি আইনের ২৭কক (৩) ধারার বিধান এ ক্ষেত্রে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর হবে না। ফলে নির্দিষ্ট সময় পর্যন্ত প্রতিষ্ঠানটি সোনালী ব্যাংকের মাধ্যমে কাঁচামাল আমদানির জন্য ১০০ শতাংশ মার্জিনে এলসি স্থাপনের সুযোগ পাবে।

তবে এ সুবিধার সঙ্গে কয়েকটি শর্তও আরোপ করা হয়েছে। এর মধ্যে শাইনপুকুর সিরামিকস লিমিটেডের সব ধরনের আয় একটি নির্দিষ্ট ব্যাংক হিসাবে জমা রাখতে হবে। ওই হিসাব থেকেই আনুপাতিক হারে সোনালী ব্যাংকের পাওনা নিয়মিত পরিশোধ করতে হবে।

এ ছাড়া প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, এই ঋণ সুবিধার বিপরীতে অর্থ বিভাগ বা বাংলাদেশ ব্যাংকের কোনো আর্থিক দায় সৃষ্টি হবে না। ভবিষ্যতে এ সুবিধার কারণে সোনালী ব্যাংক সরকার বা বাংলাদেশ ব্যাংকের কাছে কোনো ধরনের আর্থিক সহায়তা দাবি করতে পারবে না। সংশ্লিষ্টরা মনে করছেন, উৎপাদন অব্যাহত রাখা, কাঁচামাল আমদানিতে জটিলতা দূর করা এবং কর্মসংস্থান রক্ষার লক্ষ্যেই বাংলাদেশ ব্যাংক এ অনুমোদন দিয়েছে।