সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার প্রবাসী নিহত

সৌদি আরবের আল-বাহা শহরে সড়ক দুর্ঘটনায় তোফায়েল হোসেন (৩২) নামের এক প্রবাসী বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে। গত সোমবার (১৩ জুলাই) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় ওই দেশের একটি হাসপাতালে তিনি মারা যান। 

বুধবার (১৫ জুলাই) সকালে তার স্বজনেরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত তোফায়েল হোসেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামের প্রয়াত রফিকুল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে প্রায় নয় বছর আগে সৌদি আরবে পাড়ি জমান তোফায়েল। সেখানে আল জাহরাইন কোম্পানির অধীনে আল-বাহা শহরের একটি হাসপাতালে কর্মরত ছিলেন তিনি। গত সোমবার দিবাগত রাত একটার দিকে (বাংলাদেশ সময়) নাশতা শেষে তিনি কর্মস্থলে ফিরছিলেন। এ সময় দ্রুতগতির একটি গাড়ি পেছন থেকে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর আনুমানিক চারটার দিকে তার মৃত্যু হয়।

তোফায়েলের এমন আকস্মিক মৃত্যুর খবরে তার পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনেরা তোফায়েলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে দাফনের ব্যবস্থা করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সার্বিক সহযোগিতা চেয়েছেন।