ব্যবসায়ীর কানে কামড়, বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

নরসিংদীর পলাশে রাস্তা থেকে তুলে নিয়ে সাখাওয়াত হোসেন নামে এক বালু ব্যবসায়ীকে পিটিয়ে ও কানে কামড় দিয়ে কানে জখম করার অভিযোগে মহিউদ্দিন চিশতিয়া নামে এক বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ভুক্তভোগী পলাশ থানায় মঙ্গলবার (১৪ জুলাই) রাতে  এঘটনায় অপহরণ ও চাঁদাবাজির মামলা দায়ের করেন।

১৩ জুলাই বিকেলে ঘোড়াশাল পৌর এলাকার বাংলাদেশ জুটমিলের সামনে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মহিউদ্দিন চিশতিয়া ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক পদে দায়িত্বে রয়েছেন।

আহত সাখাওয়াত হোসেন গাজীপুরের কালীগঞ্জে ফিরোজ আলীর ছেলে। তিনি বর্তমানে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তার কানে চারটি সেলাইসহ শরীরের বেশ কিছু স্থানে জখম রয়েছে।

ভুক্তভোগী সাখাওয়াত হোসেন জানান, ঘোড়াশালের বাংলাদেশ জুটমিলের অভ্যন্তরে টিকে গ্রুপের নির্মাণাধীন একটি প্রতিষ্ঠানের বালু ভরাটের কাজে সেখানে শীতলক্ষ্যা নদীর পাড়ে ড্রেজার মেশিন স্থাপন করি। বিকেলে ড্রেজার মেশিনের শ্রমিকদের বেতন দিয়ে ফেরার পথে চারজন লোক মোটরসাইকেলে এসে আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে বিএনপি নেতা মহিউদ্দিনের বাড়ি নিয়ে যায়। সেখানে দীর্ঘ এক ঘণ্টা আটকে রেখে মহিউদ্দিনসহ সাতজন মিলে মারধর করে। একপর্যায়ে ওই বিএনপি নেতা কেন তাকে না জানিয়ে সেখানে ড্রেজার মেশিন বসালাম তা বলেই কানের মধ্যে কামড় দিয়ে রক্তাক্ত করে। এক পর্যায়ে তারা দ্রুত সময়ের মধ্যে ড্রেজার মেশিন সরিয়ে এলাকা ছেড়ে চলে যাওয়ার ভয় দেখিয়ে ছেড়ে দেয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে চিকিৎসা নেই।

এবিষয়ে জানতে বিএনপির নেতা মহিউদ্দিন চিশতিয়ায় মোবাইলে একাধিক কল দেওয়ার পরও রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন জানান, এ ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে অপহরণ ও চাঁদাবাজির মামলা করেছে ব্যবসায়ী। আমরা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।