শেখ হাসিনাকে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ বুধবার (১৫ জুলাই) ছাত্রদলের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আয়োজিত ‘গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনা একটি দেশ থেকে প্রত্যাবর্তন করতে চায়, কিন্তু আমরা আগেই আইনানুগভাবে তার প্রত্যাবর্তন চেয়েছি। আমরা চাই, তাকে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে। তার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। যদি তার আপিল করার সুযোগ থাকে, সেটা আইন-আদালত দেখবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের ইতিহাস বারবার গণতন্ত্রকে হত্যা করার ইতিহাস। সংগঠন হিসাবে আওয়ামী লীগকেও বিচারের মুখোমুখি করা হবে। দেশে আর ফ্যাসিবাদী শক্তি ফিরে আসবে না। গণতান্ত্রিকভাবে সাংবিধানিকভাবে এই দেশের রাষ্ট্র কাঠামো এমনভাবে সংশোধন করবো যাতে আর ফ্যাসিবাদী শক্তি ফিরে না আসে।
জুলাইয়ে কৃতিত্বকে ব্যবহার না করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, যারা জুলাই যোদ্ধা, আহত হয়েছেন, শহীদ ও যুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদের সাংবিধানিক সুরক্ষা দেওয়া হবে, দেওয়া হবে আইনি সুরক্ষাও।