শ্রীপুরে সিজারের সময় নবজাতকের হাত ভাঙার ঘটনায় তদন্ত কমিটি গঠন

গাজীপুরের শ্রীপুরে অপারেশন থিয়েটারে সিজারিয়ান অপারেশনের সময় একটি বেসরকারি হাসপাতালে সদ্য নবজাতক শিশুর হাত ভাঙার ঘটনা ঘটেছে। 

স্বজনদের অভিযোগ অদক্ষ চিকিৎসক আর মানহীন যন্ত্রপাতি ব্যবহারের ফলে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। সোমবার শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাঘমারা এলাকার আল আরাফ হাসপাতালে (প্রা.) এ ঘটনা ঘটে। 

আজ বুধবার (১৫ জুলাই) গাজীপুর জেলা সিভিল সার্জন ডা. মামুনুর রহমান তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন। সাত কর্মদিবসে তদন্ত রির্পোট দিতে বলা হয়েছে। 

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে পৌরশহরের রেলগেট এলাকার (বাঘমারা) আল-আরাফ হাসপাতালে এর নারীর সিজারিয়ান অপারেশন হয়। পরে সেখানে মেয়ে শিশুর জন্ম হয়। শিশু জন্মের পর স্বজনরা টের পান শিশুর ডান হাত বাঁকা। এ সময় তারা খোঁজ নিয়ে দেখেন শিশুর হাতটি ভেঙে গেছে কোনো কারনে। পরে তারা দ্রুত শিশুটিকে অন্যত্র চিকিৎসার জন্য নিয়ে যান।  

তদন্ত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (গাইনি ও অবস) ডা. কুহু মুৎসুদী। অন্য সদস্যরা হলেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাবরিনা মোহনা এবং কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (অর্থোপেডিক সার্জান) ডা. মোহাম্মদ শরীফ হোসেন। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

নবজাতকের পরিবারের দাবি, অভিজ্ঞ চিকিৎসকের নাম ব্যবহার করা হলেও অপারেশন থিয়েটারে অদক্ষ ব্যক্তির মাধ্যমে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। অস্ত্রোপচারের পরই শিশুটির ডান হাত ভাঙা অবস্থায় দেখা যায়। তাদের আশঙ্কা, ভুল চিকিৎসার কারণে শিশুটির হাত ভেঙেছে। 

আল আরাফ হাসপাতালের ব্যবস্থাপক নাঈদ আহাম্মেদ বলেন, আমাদের এখানে মেয়ে শিশুর জন্ম হয়। পরে হাতে সমস্যা ধরা পড়লে দ্রুত উত্তরা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখন শিশু বেশ ভালো আছে। 

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, হাসপাতালের লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ আছে। সেই সিজারিয়ান অপারেশনে সংশ্লিষ্ট চিকিৎসকও দক্ষ ছিলেন। তবুও কীভাবে এমন ঘটনা ঘটল, তা নির্ধারণে তদন্ত কমিটি কাজ করছে। তদন্ত রির্পোট প্রকাশ পেলে আশা করা যায় আসল বিষয়টি সামনে আসে।