গোপালগঞ্জে ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ

গোপালগঞ্জের কাশিয়ানীতে কার্যক্রম নিষিদ্ধ  ছাত্রলীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (১৫ জুলাই) দুপুর ২টায় কাশিয়ানী উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কাশিয়ানী ও গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে পুনরায় অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে।

তাদের এধরনের কর্মকাণ্ড প্রতিহত করার আহ্বান জানিয়ে তারা বলেন, দেশের শান্তিশৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টা মোকাবিলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে। তবে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সতর্ক ও সংগঠিত থাকারও আহ্বান জানান তারা।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মো.গোলাম মোস্তফা মোল্যা, সাধারণ সম্পাদক শেখ মো.সেলিমসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।