আনোয়ারায় আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় স্থানীয় একটি ডেইরি খামারে ডাকাতি ঘটনার করা মামলায় আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও তালা ভাঙার সরঞ্জামাদি জব্দ করা হয়।

বুধবার (১৫ জুলাই) সকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার ঝিওরি লাবিবা কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন কক্সবাজারের চকরিয়ার করাইয়াঘোনা গ্রামের ইয়াছিন আরাফাত (২৬), একই উপজেলার ইসলামনগর গ্রামের আল মামুন তুষার ওরফে লিটন (৩১) ও চকরিয়া সদরের কসাই মানিক হক (৪৫)।

পুলিশ জানায়, গত ২৯ জুন দিবাগত রাত ৩টার দিকে ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল উপজেলার বণিকপাড়া এলাকার দীপক ডেইরি ফার্মে হামলা চালায়। তারা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে খামারের মালিক দীপক মালাকার,তার স্ত্রী ও দুই কর্মচারীকে হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে রাখে। এরপর  ঘর থাকা নগদ এক লাখ টাকা, তিন ভরি সোনা ও খামারে থাকা পাঁচটি গরু লুট করে নিয়ে যায়। এঘটনার পর ২ জুলাই আনোয়ারা থানায় মামলা করা হয়। পরে অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্য ইয়াছিন আরাফাত ও আল মামুন লিটনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কক্সবাজারের চকরিয়া থেকে লুণ্ঠিত গরুর ক্রেতা মানিক হক কসাইকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস, একটি করে লোহার ছোরা, কাটার ও লোহার রড জব্দ করা হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, গ্রেপ্তার ইয়াছিন আরাফাতের বিরুদ্ধে ডাকাতি, চুরি ও অস্ত্র আইনের মামলাসহ বিভিন্ন থানায় নয়টির বেশি মামলা রয়েছে। অপর আসামি আল মামুন লিটনের বিরুদ্ধে হত্যাসহ তিনটির বেশি মামলা রয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।