আল্টিমেটাম দিয়ে শাহবাগ থেকে সরে গেল শিক্ষার্থীরা

আল্টিমেটাম দিয়ে শাহবাগ থেকে সরে গেলেন এইচএসসি-২০২৬ ব্যাচের পরীক্ষার্থীরা। আজ বুধবার রাত সাড়ে ৭টার দিকে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন তারা। 

আন্দোলনকারীরা বলেন, আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক পদত্যাগ না করলে আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে সাইন্সল্যাব মোড়ে আবারও অবস্থান নেবে বলে জানান আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। 

এর আগে সন্ধ্যায় ৬টায় তারা শাহবাগ মোড়ে অবরোধ করেন। এ সময় গুরুত্বপূর্ণ এ সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিন দুপুরে এইচএসসি পরীক্ষা শেষে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন পরীক্ষার্থীরা। 

সেখান থেকে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে রওনা দেন তারা। তবে মিছিলটি শিক্ষা ভবনের সামনে গেলে পুলিশ বাধা দেয়। প্রায় ২ ঘণ্টার অবস্থান শেষে শিক্ষাভবন মোড় ত্যাগ করেন আন্দোলনকারীরা। এরপর সড়ক থেকে ব্যারিকেড সরিয়ে দেয় পুলিশ।

এইচএসসি পরীক্ষার্থীদের তিন দফা দাবি হলো—দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।