বগুড়ায় শহীদদের কবর জিয়ারত করলেন সারজিস-নাসিরুদ্দিন

জুলাই আন্দোলনে বগুড়ায় নিহত শহীদদের কবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী।

বুধবার (১৫ জুলাই) দুপুরে বগুড়া মহানগরের নামাজগড় আঞ্জুমান-ই-গোরস্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন তারা।

কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সারজিস আলম ও নাসিরুদ্দিন পাটোয়ারী।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারী অভিযোগ করেন, বর্তমান সরকার আওয়ামী লীগের বিচার প্রশ্নে শিথিল অবস্থান নিয়েছে।  এর অংশ হিসেবে তিনি সরকার ভারতের সঙ্গে কার্যকর কূটনৈতিক উদ্যোগ নিতে ব্যর্থ হওয়ায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না বলে মনে করেন তিনি। 

সাম্প্রতিক শিক্ষার্থী আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপের নিন্দা জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের বিরুদ্ধে বলপ্রয়োগ বা গ্রেপ্তার না করে সরকারের উচিত তাদের সঙ্গে আলোচনায় বসে দ্রুত সমস্যার সমাধান করা।

এদিকে সারজিস আলম বলেন, সংবিধান সংস্কার ও জুলাই সনদ নিয়ে জাতীয় ঐকমত্যের বিষয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া প্রয়োজন। 

তার দাবি, জুলাই আন্দোলনে বগুড়ায় ১৭ জন শহীদ হয়েছেন এবং তাদের আত্মত্যাগের প্রতি সম্মান দেখিয়ে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া উচিত।

দোয়া মাহফিলে এনসিপির জেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।